পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক, সমবেদনা ও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানান।

একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভয়াবহ এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৮২ জন।

সূত্র : বাসস