এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহায়তা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে স্বাগত জানিয়ে তার নিয়োগে অভিনন্দন জানান এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বৃহত্তর জাতিসঙ্ঘ ব্যবস্থার সহায়তা প্রত্যাশা করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ তার কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে স্বাগত জানিয়ে তার নিয়োগে অভিনন্দন জানান এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের অবদানের উচ্চ প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে দেশের অগ্রযাত্রায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সাথে ইউএনডিপির অংশীদারিত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা এবং বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। বাসস