বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন |সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

মরিশাসের মন্ত্রী দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। বাসস