নেপাল-বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক : পিটিএ দ্রুত সম্পন্ন করার তাগিদ

রাষ্ট্রদূত শফিকুর রহমান দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান নেপালের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন
বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান নেপালের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন |ইউএনবি

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে শফিকুর রহমান দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

বৃহস্পতিবার নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার অনিষ্পন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ বিশেষভাবে গুরুত্ব পায়।

রাষ্ট্রদূত শফিকুর রহমান দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

উভয়পক্ষই একমত হন যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য এবং চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ উন্নয়ন এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরো জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে উভয়পক্ষ ঐকমত্য পোষণ করেন।

একই সাথে তারা আশা প্রকাশ করেন, অব্যাহত প্রচেষ্টা এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।

সূত্র : বাসস