স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারিত্ব আরো জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আইওএমের মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে আগামী ৪ আগস্ট ইউএন হাউস বাংলাদেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট-আইবিএম) কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়া বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার বিষয়ে আইওএম তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন কার্যক্রম এবং আইওএমের কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আইওএম নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



