বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

বৈঠকে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন সময়সীমা পেছানো ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেছেন রাবাব ফাতিমা
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেছেন রাবাব ফাতিমা |পিআইডি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসঙ্ঘের ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমা বৈঠক করেছেন।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন সময়সীমা পেছানো ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে উত্তরণের মাধ্যমে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চায়, যাতে করে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পখাত কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন না হয়।’

এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসঙ্ঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস