হরমুজ প্রণালীতে বাংলাদেশী জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশী কোনো জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেয়া হবে বলে ইরান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ |সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশী কোনো জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রাখা হবে না বলে ইরান আশ্বস্ত করেছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশী কোনো জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেয়া হবে বলে ইরান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তিনি আরো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। এ দুই দেশের মধ্যে সমঝোতা না হলে বৈশ্বিকভাবে সব দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট এড়াতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে স্বস্তির অবস্থানে রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। এছাড়া ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননে বাংলাদেশী মিশন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পর ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি বাংলাদেশী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ইরানি কর্তৃপক্ষ আটকে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এতে নতুন করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এদিকে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালীতে প্রবেশ বা বের হতে চাওয়া সব জাহাজকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। ফলে ইরান বাধা না দিলেও হরমুজ প্রণালীতে বাংলাদেশী জাহাজ চলাচল নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।