দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি এবং সামুদ্রিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
তারা দক্ষিণ এশীয় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হিসেবে প্রস্তাবিত সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মতবিনিময় করেন।
দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরো গভীর করতে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতি পুনর্ব্যক্ত করে দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো: নজমুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর আয়োজনে যোগ দিতে বর্তমানে মালে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিন দিনের সফরের প্রথম দিন শনিবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সান্ধ্যকালীন চা চক্রে যোগ দেন তিনি।
এর আগে, ফিলিপাইন থেকে শনিবার খলিলুর রহমান মালদ্বীপে পৌঁছলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম। সূত্র : বাসস



