ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো বিস্তৃত ও গতিশীল করতে চায় নয়াদিল্লি।
মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
হাইকমিশনার বলেন, ‘পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়াই ভারতের লক্ষ্য।’
তিনি বলেন, ‘দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।’
হাইকমিশনার বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সূত্র : বাসস



