কওমি শিক্ষার্থীদের বিষয়ে সৌদি আরবের প্রতি বিশেষ আহ্বান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর

বাংলাদেশে যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, আরবি ভাষা ও সৌদি আইন-সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং দক্ষ কর্মীদের যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো তৈরির প্রস্তাবও উত্থাপন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

কওমি মাদরাসার শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দেশটির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার মতে- কওমি মাদরাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ হওয়ায় প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেয়া গেলে তারা সৌদি আরবের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসার সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবরও জানায়। সৌদির ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে বাংলাদেশী কর্মীরা দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন এবং এতে আইনগত কোনো বাধা থাকবে না।

বৈঠকে বাংলাদেশ শ্রম সহযোগিতা জোরদারে গৃহকর্মী নিয়োগ, শ্রম দক্ষতা যাচাই (এসভিপি) এবং সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি নবায়নের প্রস্তাব দেয়। পাশাপাশি বাংলাদেশে যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, আরবি ভাষা ও সৌদি আইন-সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং দক্ষ কর্মীদের যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো তৈরির প্রস্তাবও উত্থাপন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী মো: নুরুল হক ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকে সৌদি পক্ষ স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও হসপিটালিটি খাতে বাংলাদেশী দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে এবং কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েজ প্রটেকশন সিস্টেম ও বীমা সুবিধার বিষয়টি তুলে ধরে। সূত্র : বাসস।