গ্যাস সঙ্কট : মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি ও ফোন তারেক রহমানের

একটি এলএনজি মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাসসঙ্কট বিরাজ করছে।

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম |ফাইল ছবি

বাংলাদেশে চলমান গ্যাস সঙ্কট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

একইসাথে দেশটির প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমকে ফোন করে তার সাথে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সঙ্কট বিরাজ করছে। দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সঙ্কট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, এই সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।