চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্ব্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আশরাফুল ইসলাম ও কাওসার আজম, বেইজিং (চীন) থেকে
চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা
চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা |নয়া দিগন্ত

চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্ব্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সাথে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে চীনা বিনিয়োগ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা সই হতে পারে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপকূলীয় প্রদেশ হাইনান প্রদেশ থেকে বেইজিংয়ে পৌঁছেছেন ড. ইউনূস।

প্রেস উইং জানায়, চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইউনূস স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

প্রফেসর ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন।