বাংলা‌দে‌শী ট্যুরিস্টদের জন্য ভিসা চালুর ঘোষণা ভারতের

হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে’।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী |সংগৃহীত

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদে‌শী ট্যুরিস্টদের জন্য আবারো চালু হ‌চ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী রোববার (২৮ জুন) থেকে এই ভিসা চালু হবে বলে নিশ্চিত করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এদিন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন নব‌নিযুক্ত হাইক‌মিশনার ত্রিবেদী। প‌রে তি‌নি যমুনায় ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিক্যাল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’

হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে’।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও দেয়া হচ্ছিল সীমিত আকারে। অবশেষে আবারো চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা।