সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা ও সরকারের নতুন অনুদান চুক্তি

অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

নয়া দিগন্ত অনলাইন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান |সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৬ সালের জাপানিজ গ্র্যান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) কর্মসূচির অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ৩৩ জন সম্ভাবনাময় তরুণ সরকারি কর্মকর্তা জাপানের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এ জন্য সর্বোচ্চ ৫৬৭ মিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৩৫ লাখ ১০ হাজার ডলার স্কলারশিপ দেয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকায় এ চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান দূত তাকাহাশি জুনকো ও সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

এর আগে, একই অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জেডিএস স্কলারশিপের আওতায় এবারের ৩৩ জনের মধ্যে ৩০ জন স্নাতকোত্তর এবং তিনজন ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উচ্চশিক্ষা শেষে কর্মকর্তারা দেশে ফিরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি স্কলারশিপপ্রাপ্ত কর্মকর্তারা জাপানের শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি দেশটির সমাজ ও কর্মপরিবেশ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

২০০২ সালে জেডিএস স্কলারশিপ চালুর পর থেকে এ পর্যন্ত ৬২৩ জন বাংলাদেশী সরকারি কর্মকর্তা এ কর্মসূচির আওতায় জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

সূত্র : ইউএনবি