মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার নিজ দফতরে প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ করেন মন্ত্রী। সাক্ষাৎকালে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সময়কার তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ ও যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।
মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী।
এ সময় ভারতের হাইকমিশনার বলেন, ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



