পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চেয়েছেন।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থন চান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সাথে তাদের নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
বৈঠকগুলোতে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ সময় উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তি রফতানি ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়েও বৈঠকে কথা হয়।
রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও সসম্মানে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র টেকসই সমাধান।
ডেনমার্ক ও জার্মানির সাথে বাংলাদেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বৈঠক শেষ হয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশের সাথে বিদ্যমান এ পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি দেন। বাসস



