জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের তত্ত্বাবধানে বাংলাদেশী শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতিতে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধিদল আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হকের সাথে তার দফতরে সাক্ষাৎ করেছে।
সাক্ষাতে তারা জাপানের ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেন।
প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
জাপানি প্রতিনিধিদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত চমৎকার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। আপনারা এই অবকাঠামোসমূহ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।’
তিনি জানান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ ও যুগ্মসচিব মো: শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



