ইরানে হামলা-পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশী নাগরিকদের সামরিক স্থাপনা ও এলাকা এড়িয়ে পরিচিতদের কাছে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আজ রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সাথে মতবিনময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকের মুখোমুখি হন ভিপি নুর।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সে দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড, খাবার, পানীয় ও অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে। তারা যদি কোনো গুরুতর অসুবিধায় পড়েন, সেক্ষেত্রে কনস্যুলেট ও দূতাবাসের সাথে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় দালালের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামীরা প্রতারণার শিকার হওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্ধারিত তিন হাজার অ্যাজেন্সির বিষয়ে খোঁজ নেয়া হবে।



