হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড (তৃতীয়) টার্মিনাল দ্রুত চালুর উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও জাপান। আলোচনার মাধ্যমে একটি পারস্পরিক সুবিধাজনক সমাধানে পৌঁছানোর বিষয়ে উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।
শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি আলোচিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিকো।
উভয় দেশের প্রতিনিধরা থার্ড টার্মিনালের পরিচালনা ও আর্থিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং স্থাপনাটি সচল করতে দ্রুত সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন টার্মিনালটি চালুর প্রচেষ্টা ত্বরান্বিত করার নির্দেশনার পর এ আলোচনা অনুষ্ঠিত হলো।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী মিল্লাত আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন। মিল্লাত বলেন, টার্মিনাল পরিচালনাকারী জাপানি কনসোর্টিয়ামের সাথে আগের চুক্তির ত্রুটিগুলো সংশোধন করে দেশের স্বার্থ রক্ষা হয় এমন একটি সমাধান খুঁজছে বাংলাদেশ। তিনি জানান, চুক্তিতে অন্তর্ভুক্ত নির্দিষ্ট কিছু পরিচালনা সংক্রান্ত বিষয় এবং চার্জ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন চুক্তিতে সাধারণত তিন ধরনের চার্জ থাকে এবং এর মধ্যে কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বাংলাদেশ এই বিষয়ে নিজস্ব প্রস্তাব পেশ করেছে এবং জাপান তাদের অবস্থান তুলে ধরেছে।
মিল্লাত জানান, জাপান বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে এবং একটি সংশোধিত প্রস্তাব জমা দেবে, যার ভিত্তিতে পরবর্তী আলোচনা হবে।
হুমায়ুন কবির বলেন, সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে। আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দ্রুত অর্থবহ অগ্রগতির আশা করছেন তারা।
টার্মিনালটির নির্মাণকাজ ৯৯ শতাংশের বেশি শেষ হলেও এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। প্রকল্পটিতে জাপানের সুমিতোমো করপোরেশন এবং সোজিৎজ করপোরেশনসহ বেশ কিছু প্রতিষ্ঠান জড়িত। এর সিংহভাগ অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (জাইকা) ।
২০১৭ সালে অনুমোদিত এবং ২০১৯ সালে শুরু হওয়া এ প্রকল্পের ব্যয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। বার্ষিক এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৬০ লাখ অতিরিক্ত যাত্রী এবং প্রায় নয় লাখ টন কার্গো বহন করার সক্ষমতা রয়েছে এ টার্মিনালটির।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা বিমানবন্দরের ভিড় কমাতে এবং বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে এ টার্মিনালটি চালু করা অত্যন্ত জরুরি। ইউএনবি



