কৃষিমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যেকোনো সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে।

নয়া দিগন্ত অনলাইন
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং  সাক্ষাৎ করেছেন
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করেছেন |বাসস

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ খাত নিয়ে আলোচনা করেছেন।

মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যেকোনো সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে।

বাংলাদেশের অর্গানিক কৃষির সম্ভাবনা নিয়ে মন্ত্রী হাইকমিশনারকে জানান, দেশের মাটি ও আবহাওয়া উন্নত ও গুণগত মানসম্পন্ন, যা কৃষির জন্য উপযোগী। সরকার দেশের চরাঞ্চলে রফতানিমুখী কৃষি উৎপাদনের পরিকল্পনা করছে। কানাডার বেসরকারি পর্যায়ে যেকোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করতে চাইলে সরকার সব ধরণের সহযোগিতা দেবে।

হাইকমিশনার বলেন, কানাডার কৃষি অনেক সমৃদ্ধ, দেশের বিশাল অংশ জুড়ে কৃষিপণ্য উৎপাদিত হয়। বাংলাদেশে তেল জাতীয় শস্য-ক্যানোলা রফতানি করতে তার দেশ আগ্রহী বলে হাইকমিশনার জানান।

বাংলাদেশের কৃষির সাথে কানাডার গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে হাইকমিশনার অজিত সিং বলেন, কৃষি প্রযুক্তি, গবেষণা, কারিগরী সহযোগিতা, পশু উৎপাদন ও পরিচর্যা সম্পর্কিত যেকোনো বিষয়ে তার দেশ সবসময় সহযোগিতা করতে আগ্রহী।