ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তথ্যমন্ত্রীর তুরস্ক যাত্রা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘স্ট্র্যাটকম ২০২৬’ সামিটে যোগ দিতে তুরস্ক সফরে গেছেন, যেখানে তিনি আন্তর্জাতিক প্যানেলে বক্তব্য দেবেন।

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন |সংগৃহীত

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বুধবার দিবাগত রাত পৌনে ২টায় তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে আগামী ২৭ ও ২৮ মার্চ দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, আজ ২৬ মার্চ সৌদি আরবের জেদ্দা হয়ে মন্ত্রীর ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় তথ্যমন্ত্রী তুরস্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, তথ্যমন্ত্রী ২৭ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে বক্তব্য দেবেন।

‘বিশ্বব্যবস্থার জন্য একটি নতুন কাঠামো: একটি কৌশলগত যোগাযোগ পরিপ্রেক্ষিত’ শীর্ষক অধিবেশনে তার সাথে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ আলোচনায় অংশ নেবেন। প্যানেলটি সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার।

সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে।

সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস