শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান

দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ |ইন্টারনেট

পারস্পরিক সম্পর্ক আরো জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভের মধ্যে টেলিফোনে অনুষ্ঠিত এক আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আলোচনার সময় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান জেইহুন বাইরামভ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়েও আলোচনা করেন। এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ আরো ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।

খলিলুর রহমান তার আজারবাইজানি সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান এ যোগাযোগ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সহায়ক হবে।

সূত্র : বাসস