রাজধানীর ডেমরার বামইল মাতব্বর গলি এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন সোহাগ মিয়া নামের এক ব্যক্তি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ডেমরার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সোহাগের স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘাতক স্বামী সোহাগ মিয়াকে পুলিশ আটক করেছে।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম (আকাশ) জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দু’জনেই পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আজ দুপুরে পরকীয়ার সন্দেহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ তার স্ত্রী মোরশেদাকে কুপিয়ে জখম করেন। পরে সোহাগের শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী সোহাগ কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহিন পারভেজ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোহাগ নামের একজনকে আটক করি। পরে আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, সোহাগের স্ত্রী পরকীয়া করেন- এমন সন্দেহ থেকেই ঝগড়ার একপর্যায়ে তিনি কুপিয়ে জখম করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।



