রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে কিশোর নিহত

‘আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি- নিহত কিশোর পেশায় শ্রমিকের কাজ করতো। গতরাতে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পারি।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City

রাজধানীর যাত্রাবাড়ী বাইতুল রহমত নূরানী মাদরাসার সামনে চোর সন্দেহে মোহাম্মদ বাপ্পি (১৭) নামের এক কিশোর গণপিটুনিতে নিহত হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত বাপ্পির গ্রামে বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শাহজাহান। বাপ্পি ধোলাইপাড় যুক্তিবাদী গলি শ্যামপুর এলাকায় থাকতো।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল জানান, আমরা রাতে খবর পেয়ে যাত্রাবাড়ীর বাইতুল রহমত নুরানী মাদরাসার সামনে থেকে বাপ্পি নামের এক কিশোরের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি- নিহত কিশোর পেশায় শ্রমিকের কাজ করতো। গতরাতে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পারি। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।