রাজধানীর হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

‘ওই ব্যক্তি হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন।’

নিজস্ব প্রতিবেদক
ঢামেক হাসপাতাল
ঢামেক হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল ২ নম্বর গেট এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানে ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) কামরুজ্জামান জানান, ‘ওই ব্যক্তি হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানা এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।