হাইকোর্টে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |ইন্টারনেট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ -এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

নতুন নিয়েগ পাওয়া বিচারপতিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো: নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এসএম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আসিফ হাসান ও মো: জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল।

ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন, আইন মন্ত্রণালয়ের সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো: রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মনজুর আলম, মো: লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফএম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ইফতেখার উদ্দিন মাহমুদ।