মামুনুল হকের মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণ

‘চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদরাসার উত্তর পাশের চার নম্বর সড়কে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’

নিজস্ব প্রতিবেদক
মাওলানা মামুনুল হকের মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে
মাওলানা মামুনুল হকের মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে |সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় মাওলানা মামুনুল হকের প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া মাদরাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদরাসার উত্তর পাশের চার নম্বর সড়কে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল বলেন, রহমানিয়া মাদরাসা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকের অফিসের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে শনাক্তের দাবি জানাচ্ছি।