গোপন ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীসংক্রান্ত কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।

নয়া দিগন্ত অনলাইন

নারীর সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএর জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীসংক্রান্ত কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।

বিআইডব্লিউটিএ জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে নিয়মিত বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে হবে। হাজিরা প্রদানের ভিত্তিতেই তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

তবে এ ঘটনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার বরখাস্তাদেশ বহাল থাকবে।