রাজধানীর পল্টন এলাকায় পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রতারণার অভিযোগে নজির হোসেন (৩৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গত শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত নজিরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (২২ আগস্ট) ডিএমপি থেকে এসব তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার হওয়া নজির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কেন্দ্রিক বিভিন্ন মামলার আসামিদের অসহায় স্বজনরাই ছিল তার মূল লক্ষ্য।
তিনি আরো জানান, কোনো মামলার আসামি গ্রেফতার হলে বা আইনি জটিলতায় পড়লে নজির তাদের স্বজনদের সাথে যোগাযোগ করত। এরপর মামলা থেকে নিষ্কৃতি, দ্রুত জামিন করিয়ে দেয়া কিংবা সাজা কমিয়ে দেয়াসহ বিভিন্ন আইনি সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।



