রাজধানীর বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বিকে খুনের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
কুমিল্লার বরুড়া থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
গ্রেফতারকৃতরা হলেন মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্না (২৭)। তারা ঘটনার দিন রাব্বিকে সিঁড়িতে পথরোধ করেছিলেন বলে র্যাবের ভাষ্য।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ৩১ বছর বয়সী রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছিলেন।
তিনি বলেন, ‘পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা তার পূর্বপরিচিত বলে ধারণা পুলিশের।
পরদিন শুক্রবার বনানী এলাকা থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
সেদিনই ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইদিন কুমিল্লা থেকে আরও দু’জন গ্রেফতারের ফলে রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।
সবশেষ গ্রেফতার দু’জনকে রাব্বি হত্যাকাণ্ডের ‘প্রধান আসামি’ হিসেবে তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলছে, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান।সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না এবং হামজা ভিকটিম রাব্বির পথরোধ করে দাড়ায়। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, ‘তুই এই সময় এখানে কেন?’
এ কথা বলা মাত্রই রাব্বির সাথে মুন্না ও হামজার তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে ‘উপর্যুপরি’ আঘাত করেন।
র্যাব বলছে, গ্রেফতার মুন্না ও হামজার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা হতে রাব্বি হত্যায় ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
ভিকটিম রাব্বির সাথে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরেই বনানীর ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল।
বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। এ ঘটনার পাশাপাশি পূর্বশত্রুতার জেরে ভোরে রাব্বিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানিয়েছে র্যাব।



