তেজগাঁওয়ে মাদক নিয়ে দ্বন্দ্ব, কাঁচের আঘাতে কিশোর খুন

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মইজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানাধীন সোনারগাঁও হোটেল ক্রসিং এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে মইজুল ওরফে কালু (১৬) নামের এক পথকিশোর নিহত হয়েছে। ভাঙা কাঁচের টুকরো দিয়ে ঘাড়ের বাম পাশে আঘাত করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় ঘাতক হামিদুলকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মইজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মইজুলের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আমিন জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকতো এবং ভাঙ্গারির কাজ করতো। ঘটনার সময় নেশা খাওয়া নিয়ে হামিদুলের সাথে মইজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামিদুল ভাঙা কাঁচ দিয়ে মইজুলের ঘাড়ে আঘাত করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।