রাজধানীতে আনসার সদস্যদের হাতে ছিনতাইকারী আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার

আটককৃত রাজিবুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর শেরেবাংলা নগরে আনসার সদস্যদের হাতে আটক ছিনতাইকারী
রাজধানীর শেরেবাংলা নগরে আনসার সদস্যদের হাতে আটক ছিনতাইকারী |সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে আনসার সদস্যদের তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ভুক্তভোগী নারীর স্বর্ণালঙ্কার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল ) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর এলাকায় টহল ডিউটির সময় এ ঘটনা ঘটে।

কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. রাজিব হোসেন টহলকালে এক ব্যক্তিকে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে তারা দ্রুত ধাওয়া করে রাজিবুল ইসলাম নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

আটককৃত রাজিবুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

পরে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীল তৎপরতায় ভুক্তভোগী তার মালামাল ফিরে পেয়েছেন এবং একটি সম্ভাব্য অপরাধ দ্রুত প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের তৎপরতা জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।