ছাত্রদল নেতার বিরুদ্ধে যুবদলের ৩ জনের মাথা ফাটানোর অভিযোগ

দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের মাটি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা রাসেলরসহ তিন নেতাকে মেরে মাথা ফাঁটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

রাজধানীর দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের মাটি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা রাসেলরসহ তিন নেতাকে মেরে মাথা ফাঁটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আল আমিন হোসেন শান্তর বিচার চেয়ে দক্ষিণখান ঘেরাও করে বিক্ষোভ করেছেন যুবদল নেতারা।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটার পর রাতভর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আহত রাসেল অভিযোগ করে বলেন, ‘দক্ষিণখানে সরকারি কাজের অতিরিক্ত মাঠি আল আমিন শান্ত বিক্রি করছে কয়েকদিন থেকে। এ মাটি থেকে কিছু মাটি আমি পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলি, যেটিতে চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮-১০ গাড়ি মাটি ফেলার সমুদয় খরচ আমি দেবো- একথাও তাকে বলি। কিন্তু সে আমার কথা না শুনে উল্টা আমাকে থ্রেড দিতে থাকে। এক পর্যায়ে আমি তাকে বলি, এগুলো রাস্তার মাটি, সরকারি মাটি- একথা বলার সাথে সাথে সে আমিসহ আমার সাথে থাকা কয়েকজনের উপর হামলা করে। একপর্যায়ে সে আমাকেসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে মাথার ফাঁটিয়ে দেয়। শরীরেও আঘাত করে। আমরা গুরুতর জখম হই। এ বিষয়ে দক্ষিণ খানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।’

এ বিষয়ে আল আমিনের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।