উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ

বিজিবি উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। ভারী বৃষ্টির সুযোগে পাচারকারী পালিয়ে গেলেও তাকে শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ
উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ |নয়া দিগন্ত

কক্সবাজাররের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গতকাল মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কাটাখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারী বৃষ্টির সুযোগে মিয়ানমার হতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মো: জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।