রাজধানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর ছুরিকাঘাত ও ‘গোপনাঙ্গ’ কর্তনের ঘটনায় মো: মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
নিহত মামুন চলতি মাসের ১ তারিখে বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিয়াটির বাবুল আহমেদের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাসার মালিক মোহাম্মদ সুমন জানান, দুপুর ১টার দিকে মামুন প্রেমিকাকে বাসায় নিয়ে আসেন। পরে একান্ত সময় কাটানোর জন্য পরকীয়া প্রেমিকার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পরকীয়া প্রেমিকা তার পেটে ছুরি মেরে আঘাত করে এবং গোপনাঙ্গ কেটে দেয়। তার চিৎকারে আমরা রুমে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মামুন পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই পরকীয়া প্রেমিকাকে বিউটি আক্তারকে আটক করেছে।
নিহতের কাকা মোকসেদ আলী জানান, দীর্ঘ পাঁচ বছর আগে জান্নাত নামের এক মেয়ের সাথে বিয়ে হয়। তার অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রামে বসবাস করে। মামুন চলতি মাসের ১ তারিখে বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিয়াটির বাবুল আহমেদের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



