ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ বিল থেকে উদ্ধার

এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো: হুমায়ুন কবির (৭০) ও মা মোসা: হাসি বেগমকে (৬০) গ্রেফতার করে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার ফয়সাল এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ
গ্রেফতার ফয়সাল এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করেছে র‍্যাব।

এ ঘটনায় মো: ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো: হুমায়ুন কবির (৭০) ও মা মোসা: হাসি বেগমকে (৬০) গ্রেফতার করে র‍্যাব।

এছাড়া এর আগে, ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

গত ১২ ডিসেম্বর দুপুরে গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেয়া হয় সিঙ্গাপুরে।