আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। এর আগে, গত ১৬ জুলাই বিকেলে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো: বখতিয়ার আবিদ খান (২১), তিনি মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আব্দুল খালেক খানের ছেলে। তিনি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামক একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং ফেসবুকে ‘এ কে আবিদ খান’ নামে পরিচিত।
সিআইডি জানায়, ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ আইএনসি’ আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স অ্যাকাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা গেটমাইটিকিট.লাইভ-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ আইএনসি-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে। এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন এ কে আবিদ খান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন।
অভিযোগে বলা হয়, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ আইএনসি’-এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: বখতিয়ার আবিদ খান গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন-১১ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম এ কে আবিদ খান।
গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে সিআইডি।



