ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭

গত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে ৫১৭ জন গ্রেফতার ও ৩৭টি মামলা দায়েরসহ বিপুল পরিমাণ মালামাল ও ভিকটিম উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া ছয়জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সূত্র : বাসস