যাত্রাবাড়ীতে শ্রমিক দল কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে মোহাম্মদ অপু নামে শ্রমিক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে শ্রমিক দল কর্মীকে কুপিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে শ্রমিক দল কর্মীকে কুপিয়ে হত্যা |প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোহাম্মদ অপু (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অপু বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের কর্মী ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোহাম্মদ অপু ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ছাগল কান্দা গ্রামে মরহুম বাচ্চা মিয়ার ছেলে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জুয়েল রানা জানান, খবর পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরে একটি টংঘর থেকে অপুর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আশপাশের লোকের মাধ্যমে জানতে পেরেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়।

নিহত অপুর ভাগিনা রিপন বলেন, ‘আমার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আরতে কাজ করত। বিএনপির শ্রমিক দলের কর্মী ছিল। তারা আমার মামাকে কী কারণে মেরেছে, আমরা এ বিষয়ে কিছু জানতে পারিনি।’