রাজধানীর স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন।
আটকরা হলেন মো: সজীব (২৮), মো: হিমু (৩২), মো: তুষার (২৫), মো: জয় (২৫), মো: টুটুল (৩৩) ও মো: ইমরান (৩৪)।
এতে বলা হয়, যাত্রাবাড়ী থানা পুলিশ মাতুয়াইল ইউটার্ন-সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকা মেট্রো গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিদের তথ্যমতে যাত্রাবাড়ি থানা পুলিশ গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাট থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতর থাকা চারটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এছাড়াও ছয়টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র : বাসস



