রাজধানী পল্লবী থানাধীন মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ছেলে মিনহাজ (৪) ও ছোট ছেলে আসাদ (২)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, পরিবারটি বিহারী ক্যাম্পে টিনশেড বাসা ভাড়া থাকতো। স্বামী রিকশা চালাতেন এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল ঋণগ্রস্ত হয়ে পড়ে। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতেন।
স্থানীয়দের ধারণা, কোনো উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



