ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ বাঁধা লাশের পরিচয় মিলেছে

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ |নয়া দিগন্ত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

পরে নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

সিআইডির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি একজন সিএনজি অটোরিকশাচালক। তার বাড়ি জামালপুরে।

বনানী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’