রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে নারীকে হত্যা

সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে এসে নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায় পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
ছুরিকাঘাতে নারীকে হত্যা
ছুরিকাঘাতে নারীকে হত্যা |ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দক্ষিণ সায়েদাবাদে তাসলিমা আক্তার (৩৪) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে এসে নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায় পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাসলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এক আত্মীয় হাসপাতালে উপস্থিত গণমাধ্যম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানান, সায়েদাবাদ এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে-দক্ষিণ সায়েদাবাদের একটি বাসার ছাদে তাসলিমাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদনের সময় লাশ পরীক্ষা করে শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

অন্যদিকে জানা যায়, দক্ষিণ সায়েদাবাদের একটি সাততলা ভবনে ভাড়া থাকতেন বিবাহিত তাসলিমা। প্রায় ১৮ মাস ধরে একই ভবনের আরেক ভাড়াটিয়া রাজুর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় ছাদে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এদিকে হাসপাতালে নিহতের স্বজন নাদিম ঘটনাটি হত্যা জেনেও প্রথমে সড়ক দুর্ঘটনা বলে দাবি করেন। পরে জানা যায়, দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় তিনি এ তথ্য দেন।

পুলিশ বলছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।