গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার

ছাত্রলীগের দুই সদস্যকে দু’টি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দু’টি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন মো: মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো: আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দু’টি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী ও আরিফুরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতাররা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।