রাজধানীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আহত ১

তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাগর খান ইমরানকে রাত ১টার দিকে মৃত বলে ঘোষণা করেন এবং জাকারিয়াকে চিকিৎসাধীন রাখেন।

মেডিক্যাল রিপোর্টার
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো: সাগর খান ইমরান (৩২) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ জাকারিয়া (৩৩) নামের আরো একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাগর খান ইমরানকে রাত ১টার দিকে মৃত বলে ঘোষণা করেন এবং জাকারিয়াকে চিকিৎসাধীন রাখেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা সাগর খানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১১টার দিকে ধলপুর এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। পরে তারা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক সাগর খানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “স্থানীয় লোকজনদের মাধ্যমে শুনতে পাই সন্ত্রাসীরা বলে, ‘ইমরান দৌড় দিস না, দৌড় দিলে গুলি করবো’। এই বলে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।”

তিনি আরো জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর রায়েরবাগে। তার স্বামী ওই এলাকার হাকিম খানের ছেলে।

সোনিয়া খান বলেন, ‘আমার স্বামীকে কী কারণে গুলি করে হত্যা করা হয়েছে আমি বলতে পারব না।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।