আওয়ামী লীগের পলাতক এক নেতার নির্দেশে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন দক্ষিণ পীরেরবাগ আমতলির বাসিন্দারা। বুধবার সকালে মিরপুর ৬০ ফিট আমতলি এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা ভবনমালিকরা।
তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সাথে কোনো সম্পর্ক নেই—এমন কিছু ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদার দাবিতে বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। তাদের চাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বক্তারা বলেন, সম্প্রতি আমতলি এলাকায় ‘অ্যাচিভ রিয়েল এস্টেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। জমির তিন পক্ষের মালিক যৌথভাবে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়ে নির্মাণের দায়িত্ব দেয় প্রতিষ্ঠানটিকে। প্রায় দুই বছর আগে পুরো জায়গা খালি করে ডেভেলপারকে নির্মাণকাজের জন্য বুঝিয়ে দেয়া হয়। কিন্তু সম্প্রতি বাইরে থেকে কিছু ব্যক্তি এসে বিভিন্ন দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। তাদের এলাকার কেউ চেনে না। কিছু কিশোর ও যুবককে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও পোস্ট ছড়ানো হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এর পেছনে পলাতক এক আওয়ামী লীগ নেতার ইন্ধন রয়েছে। ওই নেতার ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। ভুক্তভোগীরা এলাকায় চাঁদাবাজি বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সৈয়দ জাকির হোসেন, আকমল হোসেন লিটন, রাফিকুল ইসলাম, মজিবুর রহমান, আমির উদ্দিন মাতব্বর, রওশন তালুকদার প্রমুখ।



