চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশী সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
শুল্ক-করসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সোমবার (১৭ আগস্ট) সিআইআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালকের কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে বিশেষ নজরদারি চালানো হয়।
অভিযানে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ও মন্ড ব্র্যান্ডের মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।
পরে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরো ১ হাজার ২০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়।
সব মিলিয়ে একটিমাত্র ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
সংস্থাটি জানায়, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরো এক হাজারের বেশি কার্টন সিগারেট উদ্ধারের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সূত্র : বাসস



