ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে গত এপ্রিল মাসে ৫ হাজার ২০৫টি ফৌজদারি ও ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আজ বুধবার (৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত এপ্রিল মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ সর্বমোট ৫ হাজার ২০৫টি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ধৃত আসামির সংখ্যা ১০ হাজার ১৫৫ জন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৫ হাজার ৮৯৪ জন, অর্থদণ্ডের পরিমাণ ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্তের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা। এপ্রিল মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় এপ্রিল মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা ১ হাজার ৪৭০টি। এর মধ্যে আসামির সংখ্যা ১ হাজার ২১৬ জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩০২টি। আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। ধৃত আসামিদের মধ্যে দু’জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএমপিতে কর্মরত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক বিভিন্ন অপরাধের বিচার তাৎক্ষণিক হওয়ায় মহানগরবাসীর মনে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস জাগ্রত হচ্ছে এবং সেইসাথে অপরাধীদের মনে ভীতি সঞ্চার হচ্ছে, যা ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে।



