উগ্রবাদী হামলার সতর্কতা

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

‘পুলিশ সদর দফতরের চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক |নয়া দিগন্ত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার সতর্কতার জারির প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২৭ এপ্রিল) বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘পুলিশ সদর দফতরের চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সব সময়েই নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দফতরের চিঠি পাওয়ার পর তা আরো বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।’

নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে বৃহস্পতিবার চিঠি দিয়ে সতর্ক করেছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য দেয়া হয়েছে।