রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল করার সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিকেল ৫টার দিকে বাংলাবাজারে তাজিয়া মিছিলের সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহতের হাত, পা ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।



